অফিস টাইম শুরু সকাল ৯টায়। কিন্তু অফিসে উপস্থিত নেই ৯০ ভাগ কর্মকর্তা-কর্মচারী। ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৬ জন যথাসময়ে অফিসের কাজ শুরু করেছেন। এই ঘটনা সিলেট সিটি করপোরেশন (সিসিক) কার্যালয়ের।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন নগরভবন পরিদর্শনে গিয়ে দেখেন ৯০ ভাগ কর্মকর্তা-কর্মচারী যথাসময়ে অফিসে আসেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সিসিকের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, সংশ্লিষ্টদের কাছে কৈফিয়ত চেয়েছেন প্রশাসক এবং অনুপস্থিতির তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কাইয়ুম চৌধুরী নগরভবনে গিয়ে রাজস্ব ও প্রকৌশল বিভাগে যান। তিনি দেখতে পান ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৬ জন ছাড়া বাকিরা অনুপস্থিত। এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কারণ জানতে চান এবং যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের নির্দেশ রয়েছে সকাল ৯টা থেকে অফিস করতে হবে। সবাইকে সরকারি নির্দেশনা মেনে অফিসে কাজ করতে হবে। ঠিক সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেওয়া হবে। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।