Image description

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ @ItzBDHindus ইউজারনেমের একটি ভেরিফাইড একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে এক লোককে রাইফেল হাতে মিছিল করতে দেখা যাচ্ছে। 

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, “চাঞ্চল্যকর ভিডিও: বাংলাদেশে ইসকন ও বৈষ্ণব হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র হাতে চরমপন্থীদের মিছিল! ‘ইসকনবিরোধী’ ইস্যুকে আড়াল হিসেবে ব্যবহার করে কি এটি পূর্ণমাত্রার হিন্দু গণহত্যার পূর্বাভাস?” 

ভিডিওটি এ পর্যন্ত ১১ হাজারের অধিকবার দেখা হয়েছে এবং ঘটনাটি সাম্প্রতিক বলে ধারণা তৈরি হয়।

পোস্টটি দেখুন এখানে

কিন্তু দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া যে অস্ত্রটি প্রদর্শন করা হয়েছিল সেটি সত্যিকার অস্ত্র নয়। বরং ডামি রাইফেল।

যাচাইয়ে ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ করে এই ভিডিওটি গত বছরের ২৫শে অক্টোবরের যমুনা টিভি, চ্যানেল ওয়ানসহ একাধিক সংবাদমাধ্যমে পাওয়া যায়। সেখানে শিরোনামে দেওয়া আছে, মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার ১।

দেখুন এখানে এবং এখানে। 

আরো যাচাইয়ে এই ঘটনার প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের একাধিক মূলধারার গণমাধ্যমে ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোর প্রতিবেদনে দেওয়া আছে, “আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে হওয়া মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।”

বাংলাদেশ প্রতিদিন সূত্রে জানা যায়, “স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা পুলিশ।”  

একই বিষয়ে দৈনিক ইত্তেফাক এবং বাসস-সহ বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।