Image description
 

সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেস ক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সাগরের অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগমুহুর্তে হাজরাকাটি বাজারে তাদের দেখা হলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাগরের ওপর হামলা চালান নুরু। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাংবাদিক সাগর চিকিৎসাধীন রয়েছেন।

 

অভিযুক্ত নুরু হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

 

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ইসলামের বিরুদ্ধে এর আগেও জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

কালবেলা