ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজীব শরীফ (১৫) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
নিহত সজিব শরীফ পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে জুটমিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে সজিব শরীর পরিষ্কার করতে যায়। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রিহাদ শেখ নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সজিব মারা যায়।
নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম বলেন, সজিব কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। সজিব অজ্ঞান হয়ে পড়লে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সজিবের নাড়ি ছয় জায়গায় ছিদ্র হয়ে গেছিল। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়।
অভিযুক্ত রিহাদ শেখ পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।