Image description

কুমিল্লার দেবিদ্বারে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত শোনেন।

 

এ সময় হাসনাত আবদুল্লাহ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে যায়।

 
 

 

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।