বিক্ষোভের সময় আইনজীবীরা ‘সভাপতি মুক্তি দিয়ে দাও, দিতে হবে’, ‘অবৈধ গ্রেপ্তার, মানি না মানব না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’–ইত্যাদি স্লোগান দেন।
আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তারের সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন।
বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, “আজকে আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলে বলে যে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছে।”
তিনি জানান, আইনজীবী সমিতির সভাপতিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
বিক্ষোভের সময় আইনজীবীরা ‘সভাপতি মুক্তি দিয়ে দাও, দিতে হবে’, অবৈধ গ্রেপ্তার, মানি না মানব না’, জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে সোমবার জামিন দেয় একটি আদালত।
আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। এ ঘটনায় রাতে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মামলা করেন।
তারপরই দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। এ সময় সেখানে পুলিশ, র্যাব ছাড়া ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
