রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্ণফুলি নদীর তীরঘেঁষা ছোট্ট শিল্প শহর চন্দ্রঘোনায় শৈশবের অনেকটা সময় কেটেছে উপদেষ্টা জাহেদ উর রহমানের। বাবা আজিজুর রহমানের কর্মসূত্রে চন্দ্রঘোনায় থাকতেন তিনি। কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের ছাত্র ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামে তাঁর বাড়ি।
কেপিএম স্কুল থেকে এসএসসি পাসের পর, চট্টগ্রামের মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার পাশাপাশি অত্যন্ত প্রখর ধীসম্পন্ন কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত জাহেদ উর রহমান।