Image description

বেড়িবাঁধের ওপর লাগানো গাছের কারণে গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশে সমস্যায় পড়তে হয়। তাই বাঁধের ওপর লাগানো ২০টির বেশি গাছ কেটে ফেলেন কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলার বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর। এ ঘটনায় সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দল থেকে জাহিদুল আলমকে বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনিগাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন, যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

সুতরাং এ ধরনের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় বাসিন্দা।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে গাছ রোপণ করা হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো নদীভাঙন প্রতিরোধ করে আসছিল। গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। সেই বাঁধের ওপর দিয়ে নিজ বাড়িতে যাতায়াত করেন বিএনপি নেতা জাহাঙ্গীর। নিজের সুবিধার্থে বাঁধ রক্ষায় লাগানো প্রায় ২০টি মেহগনিগাছ কয়েক ধাপে কেটে নিয়েছেন তিনি।

মিঠামইন উপজেলার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় বলেন, ‘কেটে ফেলা বেড়িবাঁধের গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের সহায়তায় খোয়াব নামে একটি এনজিও সংস্থা রোপণ করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুঃস্থ নারী ও এলজিইডি দেখাশোনা করছে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিঠামইন উপজেলার প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বাঁধ তৈরি করা হয়েছিল। সে সময় গাছগুলো রোপণ করা হয়। গাছ কেটে ফেলার বিষয়টি জানার পর স’মিলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’