Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ বিচার প্রার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন, যেন তার অপেক্ষাতেই ছিলেন তারা।

তিনি আরও জানান, অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন তারা। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। তারা জানান, যে সমস্যার কারণে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সরকার তা যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়।