Image description

রমজান মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি হলে চুরি করতে গিয়েছিল এক যুবক। কিন্তু মুহূর্তেই সে ধরা পড়ে ছাত্রদের হাতে। এরপর কেউ তাকে কোন আঘাত না দিয়ে তার মাথায় পরানো হয় নামাজের টুপি। তাকে দিয়ে করানো হয় কোরআন তেলাওয়াত।

শর্ত দেওয়া হয়, নির্ভুল কোরআন তেলাওয়াত করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। চুরি করতে যাওয়ার কথা স্বীকারও করেন ওই যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাসভবনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে আলোচনার জন্ম নেয়। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সাব্বির হাসান সাকিন বলেন, আমাদের এক বন্ধু অপরিচিত এক ব্যক্তিকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেন। এরপর তাৎক্ষণিক সন্দেহ হলে আশপাশে কোথাও খুঁজে না পেয়ে ছাদে গেলে সেখানে তার দেখা মেলে। এরপর সেখান থেকে ধরে আমাদের রুমে নিয়ে আসা হয়, অনেকেই আঘাত করতে চেয়েছে, কিন্তু আমরা (শিক্ষার্থীরা) আঘাত করতে দিইনি।

তিনি আরও বলেন, এরপর তাকে কোনোরূপ ভয়-ভীতি না দেখিয়ে তার পছন্দের খাবার জিলাপি খাইয়ে আমাদের সবার সাথে ইফতার করাই। ইফতার শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করি। পরে খবর পেয়ে তার মা আসে। মায়ের অনুনয় ও বিনয়ের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ জানিয়ে আসি, যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শাহেদ ইসলাম জানান, আমার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান ডেপুটি রেজিস্টার আব্দুর রহিম স্যারের সাথে যোগাযোগ করেছি, তিনি হাটহাজারি থানার ওসির সাথে যোগাযোগ করে চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।