প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।
দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
রোকেয়া সরণির পীরেরবাগ রোডের বাসিন্দা বাদল সূত্রধর বলেন, ‘এত মশা জীবনে দেখিনি। মশা শরীরে লাগলেই চুলকায়। দোকানে মশা নিয়ন্ত্রণের সামগ্রীরও সংকট দেখা দিয়েছে। ঘরে মশার কয়েলও জ্বালানো নিরাপদ না। এ নিয়ে বিপদে আছি।’ নগরের মানুষের এমন আক্ষেপ শুধু তেজগাঁও কিংবা রোকেয়া সরণিতেই নয়; রাজধানী ছাড়িয়ে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা এমনকি গ্রামেও এখন আলোচিত চরিত্র মশা।
সামলাতে হবে তিন সংকট - দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এটি।
সচেতন জনগোষ্ঠীর পাশাপাশি পর্যবেক্ষকরা বলছেন, ঘরে-বাইরে মোটা দাগে তিনটি চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন সরকারকে। প্রথমত, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসায়ী সমাজসহ জনগণের মধ্যে স্বস্তি তৈরির পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ শক্তিধর রাষ্ট্রগুলো নিজ নিজ স্বার্থ ও লাভের জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে মরিয়া হয়ে উঠেছে।
নাজুক রাষ্ট্রীয় কোষাগার বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই - দৈনিক বণিকবার্তার প্রধান খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব বাবদ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রায় ২ লাখ ২৩ হাজার কোটি টাকা আয় হয়েছে সরকারের। যদিও পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে এ সময়ে আড়াই লাখ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে।
রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য - দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ যেন এক প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা দেড় বছরের সেই বন্দিদশা আজ নেই। এই স্বস্তিতেই যেন রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে মেলে ধরলেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন।
গত শুক্রবার রাতে বঙ্গভবনে তার কার্যালয়ে দেয়া একান্ত সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন রাষ্ট্রপতি। তার বক্তব্যের দ্বিতীয় ও শেষ অংশ আজ ছাপিয়েছে দৈনিক পত্রিকা কালের কণ্ঠ।
সিটিতে শুরু, ইউপিতে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন - দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদ এটি।