কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির এশিয়া পোস্টেকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। এ সময় মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে ওসি মো. আরিফুল আমির বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।