Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, অপরাধীদের বিচার ও দমনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখার কোনো সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক না কেন- বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত- তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটিই বর্তমান সরকারের মূল অবস্থান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমরা যদি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি, তবেই ফরিদপুর জেলাকে সুন্দর ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের যেকোনো সমস্যায় সরাসরি আমাকে জানাতে পারেন।

 

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য যেন আর না বাড়ে, সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ শুরু করেছে। মাঠ পর্যায়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে তা আমাদের জানান। আমাদের লক্ষ্য হলো মানুষ যেন শান্তিতে রোজা ও ঈদ পালন করতে পারে।

 

মাদক নির্মূল প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মাদকসেবীরা অনেক ক্ষেত্রে পরিস্থিতির শিকার বা ভিকটিম, কিন্তু যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বল্পমেয়াদী অ্যাকশনের পাশাপাশি দীর্ঘমেয়াদী সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

 

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। তিনি বলেন, সব দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্ব থাকবে, তবে তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।