Image description

গোমতীর চর থেকে এক ফোটা মাটিও কেউ কাটতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, গোমতীর চরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি, খাদ্য ও মৎস প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ এসব কথা বলেন।

 

তিনি বলেন, গতকাল রাতেও আমার কাছে কয়েকজন ফোন করে জানিয়েছে গোমতী চরের মাটি কাটা হচ্ছে। আমি তাৎক্ষণিক তাদেরকে বলেছি যারাই মাটি কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, কৃষি, খাদ্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার জনগণকে কথা দিয়েছে। জনগণ বিশ্বাস করে সরকার দেশের কল্যাণে কাজ করবে। এদেশে ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর, কৃষি ক্ষেত্র উন্নত হলে এদেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে। এখন দরকার মাঠ পর্যায়ে আপনাদের সহযোগিতা।

 

তিনি আরো বলেন, বিএনপির গত নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিলো বেশিরভাগ ছিলো কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশী উপকৃত হবে কৃষকরা। সরকার বিশ্বাস করে ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে।

 

নিরাপদ খাদ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

 

মতবিনিময় সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।