Image description

জাতীয় সংসদে নিজেদের ভূমিকা জোরদার করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করেছে দলটি। কর্মশালার নাম দেওয়া হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এই প্রশিক্ষণ শেষ হয়েছে। এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলাকৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যেহেতু আমরা একটা পজিটিভ ও সৃজনশীল ভূমিকা রাখতে চাই, সংসদে ক্রেডিবল রোল প্লে (গ্রহণযোগ্য ভূমিকা পালন) করতে চাই, এ জন্য সংসদ সদস্যদের যে বিষয়গুলো জানা উচিত, সে বিষয়ে কমপক্ষে একটা প্রাথমিক ধারণা দেওয়া। এ থেকেই এই ওরিয়েন্টেশনটা আমরা রেখেছি।

 
 

 

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যদের ৮০ শতাংশই এবার নতুন, যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। এই বাস্তবতায় পাঁচটি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা এবং বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামোতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পারস্পরিক সম্পর্ক কেমন হতে পারে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের।

 

এই কর্মশালায় অংশ নেওয়া নতুন সংসদ সদস্যরাও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) এই প্রশিক্ষণকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নতুন সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার একটি স্পষ্ট রূপরেখা তারা এখান থেকে পেয়েছেন।

 

এছাড়া ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক সমালোচনা ও আইনি বিতর্কে অংশ নিতে এই কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।