Image description
 

শপথ নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। এরই মধ্যে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়েছে।তাদের মধ্যে অন্যতম সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

এর আগেও তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০১ সালে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারেও তিনি একই বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের ২১ মার্চ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে, যেখানে অবৈধ উপায়ে ২৫ কোটি টাকা আদায় করার অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর তাকে এ মামলায় বিশেষ আদালত ৯ বছরের কারাদণ্ড দেন। তিনি ২০০৭ সালের ডিসেম্বরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১১ সালের ১৬ জুন তাকে হাইকোর্ট খালাস দেন। ২০১১ সালের ৪ ডিসেম্বর দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল করে। ২০১৪ সালের ২৭ জানুয়ারি আপিল বিভাগে তাকে খালাস দেওয়া হয়েছিল।