Image description

সেলিম খানের শারীরিক অসুস্থতা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালটির সিনিয়র একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। ওই চিকিৎসক বলেন, “সে এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আপনারা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।”  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেলিম খানকে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। মূলত, গতকাল বিকেলে লীলাবতী হাসপাতালে যান সালমান খান। এসময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই তারকা। হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার ভিডিও এবং ছবি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। তারপরই সালমানের পরিবারের অসুস্থতার খবর ছড়ায়।

নব্বই বছর বয়সি সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। কয়েক বছর ধরেই সালমান খান ও তার পরিবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিক হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছেও ই–মেইলে অর্থ দাবি করে হুমকিবার্তা পাঠানো হয় বলে জানা যায়। 

এমন পরিস্থিতিতে সালমানের পরিবারের কর্ণধারের অসুস্থতা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিকটবর্তী হওয়ায় দ্রুত লীলাবতী হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। হাসপাতালের বাইরে সালমান খানের সঙ্গে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও দেখা গেছে। 

বলিউড চলচ্চিত্রে সেলিম খান কিংবদন্তি এক নাম। লেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সত্তরের দশকে বলিউডে নতুন ধারা সৃষ্টি করেন তিনি। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো সিনেমা আজও ক্ল্যাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই বলিউড সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।