রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমণ্ডি থানা পুলিশ।
রোববার বিকালে পৌনে ৫টার দিকে ধানমণ্ডি ৩২ থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
রমনা ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, সেখানে কিছু লোকজন তাদের ঘিরে ধরে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ধানমণ্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকাল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
শীর্ষনিউজ