Image description
 

গণভোটের ফলাফল জমা না দিয়েই বাসায় ডিসিদের বাসায় চলে যাওয়ায় দেশব্যাপী এর ফলাফল নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দেননি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকরা (ডিসি)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যায়ক্রমে ইসিতে পৌঁছালেও গণভোটের ফলাফল এখনো অনেক আসন থেকে পাওয়া যায়নি।

ইসি কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনাসহ কয়েকটি জেলার ডিসিরা সংসদ নির্বাচনের ফলাফল জমা দিলেও গণভোটের ফলাফল জমা না দিয়েই বাসায় ফিরে গেছেন। পরে নির্বাচন কমিশন থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের মাধ্যমে জানিয়েছেন, শুক্রবার গণভোটের ফলাফল ইসিতে পাঠানো হবে।

 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, যেসব জেলার ফলাফল এখনো পাওয়া যায়নি, সেগুলো জমা না হওয়া পর্যন্ত গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা সম্ভব হবে না। এসব জেলার ফলাফলের ওপরই গণভোটের সামগ্রিক ফল নির্ভর করছে।

 
 

এদিকে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের চেয়ে বেশি পড়েছে।

 

বান্দরবান আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২।

চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬।

রাঙামাটি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭।

খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৩।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বাকি জেলার ফলাফল হাতে পাওয়ার পর দ্রুত গণভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে।