ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ঢাকা-১১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম লেখেন, “প্রিয় দেশবাসী, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিন।”
এর আগে দুপুরে বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীর পক্ষ থেকে অনেক কেন্দ্রেই মহড়া দেওয়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন। বেড়াইদ ও সাতারপুল— এই দুটি জায়গায় তাদের কয়েকটি কেন্দ্র রয়েছে। সেখানে সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সবকিছু মিলিয়ে প্রচুর ভোটার আসছেন এবং তারা ভোট দিতে চাইছেন।
তিনি আরও বলেন, ঢাকা-৮, নোয়াখালী-৬ ও কুড়িগ্রাম-২ আসনে অনেক বড় ধরনের ঝামলার খবর পাচ্ছি। আমাদের প্রার্থী এবং তার সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, ভোটকেন্দ্রে আসুন। কারণ ভোটারদের উপস্থিতিই সবকিছু নির্ধারণ করবে। জয়-পরাজয়ের চেয়ে বড় কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারছি কি না, এটাই এখন মূল লক্ষ্য।