Image description

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। এখন সেই দলই নানা অভিযোগ ও সমালোচনা করছে। অর্থাৎ সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ সভাপতি আব্দুল কাইয়ুম জমাদ্দার।

অন্যান্যের মধ্যে খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মণ্ডল, সেক্রেটারি দেপ প্রসাদ মণ্ডল প্রমুখ।

এর আগে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে অপপ্রচার করছে। যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না—দুর্নীতির আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। ঠিক সেই জন্য ভোঁতা হাতিয়ার বেছে নিয়েছে।