Image description
হাদি হত্যাকাণ্ড

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে হবে। এ বিষয়ে যতক্ষণ অবধি চিঠি ইস্যু হবে না, ততক্ষণ আন্দোলন চলবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “অনেকেই ওসমান হাদীর বিচারের দাবিকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মিথ্যে উসকানি দিচ্ছে। যারা এসব বলছে, ওসমান হাদি হত্যার পেছনে তাদের ষড়যন্ত্র আছে।”

অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে জাবের বলেন, "এই সরকার শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এটাকে আড়াল করার জন্য যত চেষ্টা করেছে, তার দশ শতাংশও যদি খুনিদের জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো, তাহলে এত দিনে খুনিরা ধরা পড়ে যেত।"

তিনি আরও বলেন, "আজ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ৫৫ থেকে ৫৬ দিন পূর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি, যার ফলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি।"

এর আগে বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার তদন্ত করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকা সরকার এই মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে এবং এ ধরনের তদন্তে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।

উল্লেখ্য, ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বৃহস্পতিবার দুপুর থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।