Image description

বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসানের পরিবারের মালিকানাধীন একটি ভবনের প্রধান ফটকে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ভবনটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর আগে ভবনটির নিচতলার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের জন্য জমি দখল থেকে শুরু করে ছোট ভাই সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে জিয়াউল আহসান গুমের মতো অপরাধে জড়িত ছিলেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ফটকে লাগানো জিয়াউল আহসানের ছবিতে জুতাপেটা করে তার বিচার দাবি করেন।

নগরীর বৈদ্যপাড়া এলাকায় অবস্থিত আটতলা ভবনটির নাম একসময় ছিল ‘তহুরা মঞ্জিল’। এর আগে একই জায়গায় ‘সবুজ ভিলা’ নামে একটি ভবন ছিল। স্থানীয়দের অভিযোগ, আগের ভবন ও জমি দখল করে সেখানে নতুন ভবন নির্মাণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে গুমের অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমি দখলের বিরোধের জেরে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হায়দার নিখোঁজ হন। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ডে ছোট ভাই জিয়াউর রহমান বিপ্লবকে কাউন্সিলর নির্বাচিত করার পথ সুগম করতে থ্রি-হুইলার মালিক সমিতির নেতা কামাল, ছাত্রদল নেতা ফিরোজ খান কালু এবং তার ভাই মিরাজকে গুম করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফিরোজ ও মিরাজের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, জিয়াউল আহসানের হাত থেকে সন্তানদের রক্ষা করতে তাদের চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে তারা পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে জিয়াউল আহসানের নেতৃত্বে তার দুই ছেলেকে তুলে নিয়ে গুম করা হয়।

এ সময় ফিরোজা বেগম ভবনের প্রধান ফটকে লাগানো জিয়াউল আহসানের ছবিতে নিজের স্যান্ডেল দিয়ে আঘাত করেন। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে তার বিচার দাবি করেন। উপস্থিত অন্যরাও বিক্ষোভে অংশ নিয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের দাবি, ১৭৪ জনকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান যে জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন, সেটির মালিক ছিলেন তৎকালীন যুবদল নেতা হায়দারের ভগ্নিপতি বাবুল। জমিটি দেখাশোনা করতেন হায়দার। ভবন নির্মাণের বিষয়ে হায়দার ও বাবুলের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও তারা জমি দিতে রাজি হননি। পরে জিয়াউল আহসানের চাপের মুখে বাবুল যুক্তরাষ্ট্রে চলে যান। আর হায়দারকে ঢাকার ইস্টার্ন প্লাজার সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরেক বাসিন্দা আনিসুর রহমান বলেন, বৈদ্যপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকার বাসিন্দা কামাল ওরফে ফাঁসি কামাল ২০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করতে চেয়েছিলেন। তিনি নির্বাচনে অংশ নিলে জিয়াউল আহসানের ছোট ভাই জিয়াউর রহমান বিপ্লবের জয়ী হওয়া কঠিন হয়ে পড়তো। এ কারণে কামালকে ঢাকায় নিয়ে গুম করা হয় বলে তার অভিযোগ।

আনিসুর রহমান আরও বলেন, ওই সময়ে জিয়াউল আহসানের পরিবারের সদস্যরা নিজেদের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করতেন। বিশেষ করে সাবেক কাউন্সিলর বিপ্লব ঠিকাদারি কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে নিজের প্রভাব খাটাতেন। তার প্রভাবের কারণে তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহও অসহায় ছিলেন বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, জিয়াউর রহমান বিপ্লবের প্রভাবের কারণে এলাকার এক তরুণ সব যোগ্যতা থাকা সত্ত্বেও সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাননি। ওই তরুণের বিষয়ে খোঁজ নিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় এলে বিপ্লব তার চাকরি না হওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারটি এখনো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না বলে জানান স্থানীয়রা।

জিয়াউল আহসানের বড় ভাই জিয়াউল হকও তার প্রভাবের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, জিয়াউল হক প্রথমে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করতেন। পরে সরকারি সৈয়দ ফাতেমা আলী কলেজের অধ্যক্ষ হন। এরপর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবসরে যাওয়ার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা মাহমুদ বিল্লাহ বলেন, পুরো বরিশাল বিভাগে জিয়াউল আহসানের পরিবারের প্রভাব ছিল। তাদের নাম শুনলে মানুষ ভয়ে থাকতো। পরিবারের সদস্যদের সিদ্ধান্তই তখন চূড়ান্ত বলে বিবেচিত হতো।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ফজরের নামাজের সময় একটি মাইক্রোবাসে করে ন্যাটো বিপ্লব ও তার পরিবারের সদস্যরা ভবনটি ছেড়ে চলে যান। এরপর থেকে ভবনটিতে ভাড়াটিয়ারা বসবাস করছেন। একজন কেয়ারটেকার ভবনটির দেখাশোনা করেন। আটতলা ভবনটির প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে। সব ইউনিটে একসময় ভাড়াটিয়া থাকলেও বর্তমান পরিস্থিতিতে অধিকাংশই বাসা ছেড়ে চলে গেছেন। বাকি কয়েকজনও শিগগিরই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ভবনটির এক ভাড়াটিয়া বলেন, ভাড়া দিয়ে থাকলেও যে ব্যক্তির বিরুদ্ধে শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, তার বাড়িতে বসবাস করতে চাই না। ভবনটির সামনে এখন ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার ঝুলছে। প্রতিদিন অনেক মানুষ এখানে এসে বিক্ষোভ করছেন এবং তার বিচার দাবি করছেন। এতে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। বিশেষ করে আমাদের সন্তানদের নিয়ে অস্বস্তিতে থাকতে হচ্ছে।

ওই ভাড়াটিয়া আরও বলেন, এরই মধ্যে ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বড় ধরনের অগ্নিকাণ্ড হলে ভবনটির ৩২টি পরিবারের সবাই ক্ষতিগ্রস্ত হতে পারতেন। এ কারণে ভবনের ভাড়াটিয়ারা একযোগে বাসা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।