‘বাজারে ঢুকলেই মনে হয়, পকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এক কেজি বেগুন, সামান্য শিম আর কয়েকটি প্রয়োজনীয় সবজি কিনতেই অনেক টাকা চলে যাচ্ছে। মাছ-মাংস কেনা এখন প্রায় বিলাসিতার মতো হয়ে গেছে। পরিবারের সদস্যদের চাহিদা থাকলেও দামের কারণে অনেক কিছুই কিনতে পারি না। মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জাহাঙ্গীর আলম নামে এক ক্রেতা বাজার করতে এসে এমন হতাশা প্রকাশ করেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, শিম ১০০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, শসা ৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৮০ টাকা দরে। সবজির বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। তবে শীতকালীন সবজি হিসেবে শিম, মুলা ও নতুন আলুর দাম এখনও বেশ চড়া।
সবজি বিক্রেতা রফিক উদ্দিন বলেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও এখনও সব ধরনের সবজির দাম কমেনি। বিশেষ করে নতুন আলু, বেগুন, করলা ও বরবটির দাম তুলনামূলক বেশি। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ আরও বাড়লে আগামী দিনগুলোতে কিছু সবজির দাম কমতে পারে বলে আশা করছেন তিনি।
এদিকে রাজধানীর মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙাশ ২০০ এবং বড় পাঙাশ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু করে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি ও সামুদ্রিক মাছের দামও ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকা কেজি দরে। অন্যদিকে সাগরের পাঙাশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
মাছ বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম খুব একটা কমছে না। বিশেষ করে দেশি মাছ ও বড় আকারের মাছের দাম বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে মাছ কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই মাছের পরিমাণ কমিয়ে দিচ্ছেন।
মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি দরে। দাম আগের মতোই আছে। পাশাপাশি পাঙাশ কিনেছি ২৭০ টাকা কেজি। ছোট পাঙাশের দাম কিছুটা কম।
মাছের পাশাপাশি মুরগির বাজারও অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ডিমের বাজারে প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং লাল ডিম ১৫০ টাকা দরে।
মাংস বিক্রেতা নাজমুল হক মিয়া বলেন, মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেওনি।
সব মিলিয়ে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে এখনও দামের চাপ রয়েছে। বিশেষ করে মাছ, মাংস ও বেশকিছু সবজির বাড়তি দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। বাজারে পণ্যের সরবরাহ ও দামের মধ্যে স্বস্তিদায়ক ভারসাম্য না আসায় সীমিত আয়ের মানুষের নিত্যপণ্যের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।