লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টার ঘটনায় গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুনকে আরও সাত দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই জিজ্ঞাসাবাদেই তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি ‘জঙ্গি বোমারু মামুন’ নামে পরিচিত। গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকের সময় নিজের পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নাম জানান মামুন। নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা বলেও পরিচয় দেন তিনি। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা হয়।
পুলিশ জানায়, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন মামুন। ৯ নভেম্বর তার থাকার কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন বাড়ির উঠানে মাটির নিচে খোঁড়া একটি গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করে পুলিশ।
১১ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থাকার বিষয়টি নিশ্চিত করে। পরদিন ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলাতেও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া বরিশালসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।
মামুনের প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড শেষ হয় ১৭ নভেম্বর। এরপর পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।