পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে মাহাবুর তরফদার (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেন তার সন্তানদের একাংশ। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মীমাংসার আশ্বাসে মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামের তরফদারপাড়ায়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাবুর তরফদার। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে আনা হলে সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে দাফন আটকে যায়।
মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন।
তাদের অভিযোগ, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে চাপ দিয়ে জমি নিজেদের নামে লিখে নিয়েছেন। এ কারণে দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রায় দুই বছর আগে তারা আদালতে মামলাও করেছিলেন।
তিন মেয়ে ও মেজ ছেলে অভিযোগ করেন, তাদের প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। এ নিয়ে তারা বাড়িতে অবস্থান নেন।
তবে জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি। তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি। তাদের বাবা স্বেচ্ছায় জমি লিখে দিয়েছেন।
মরদেহ দাফন নিয়ে বিরোধের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টা করেন। পরে উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে গিয়ে সন্তানদের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার আশ্বাস দেয়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধের কারণে বাবার মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের সন্তান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি। সম্পত্তি ভাগের বিষয়টি পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্তানদের সঙ্গে বসে মীমাংসা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পরে সবার সম্মতিতে জানাজা শেষে শুক্রবার বিকেলে মাহাবুর তরফদারের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।