বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন আমীরে জামায়াত।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন আমিরে জামায়াত।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।