Image description

সারা দেশে চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতিতে সরব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন কটাক্ষের জবাব দিচ্ছেন তিনি। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিরোধীদের নিয়ে সমালোচনা করেছেন বিএনপির সাবেক এই নেত্রী।

 

শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক সংক্ষিপ্ত পোস্টে রুমিন ফারহানা মন্তব্য করে লেখেন, ‘অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত বিকৃত ছিল, অন্ধ আওয়ামী বিরোধীরাও তাই।’


 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের একই পেজে এক রহস্যময় পোস্ট করেন রুমিন ফারহানা। তিনি লেখেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’

 

  •  

তার দেওয়া এসব পোস্ট প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলে এবং তার পোস্টে পক্ষে-বিপক্ষে তাদের নানা মন্তব্য করতে দেখা যায়।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেন।

 

আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে তা জাতীয় সংলাপ হবে না বলেও মন্তব্য করেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

  •  

ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী দলটির সমর্থক। তার দাবি, দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও বিভিন্ন জরিপে দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। এত বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল বা সর্বজনীন হতে পারে না বলে মনে করেন এই সংসদ সদস্য।

 

আলোচনায় অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার কিংবা অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে দলটিকে আলোচনার টেবিলে আনা প্রয়োজন। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

 

আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে আওয়ামী লীগের জায়গায় থাকলে তিনি ক্ষমা চাইতেন না। তার ভাষ্য, নিজেদের শাসনব্যবস্থার চেয়ে ভালো শাসন অন্য কেউ দিতে পারলে তবেই ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করতেন।