নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর চৌমুহনী পূর্ব বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের একপর্যায়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা চালানো হয়।
এ সময় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর বেগমগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির জানান, আজ বেলা ২টা ৪৫ মিনিট থেকে ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রায় ২০-২৫ জন সদস্য মোটরসাইকেলযোগে এসে গ্রামীণ ব্যাংকে হামলা ও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের কার্যক্রম চলবে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কিছু আলামত জব্দ করা হয়েছে।
সর্বশেষ খবর