Image description
শীতের আগমনী বার্তা নিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিনের বেলায় গরম থাকলেও রাত ও সকালে পাহাড়ি হিম বাতাসের সঙ্গে অনুভূত হচ্ছে ঠান্ডা।
 
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
 
তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘের উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার হারিয়ে যাচ্ছে সূর্য। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস যেন শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।
 
দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে শীত অনুভূত হচ্ছে। এ সময় মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন কিছুটা ভোগান্তিতে।
 
 
 
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুনচাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন একটা তাপ ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। সকালে যখন কৃষিকাজ করতে খেতে আসি, তখন খুব কষ্ট হচ্ছিল।
 
তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে কাপড় জড়িয়ে বের হয়েছি, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে, বরফের আশপাশে যেন আছি।
 
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্টি হওয়া মেঘমালা সূর্যকে আড়াল করে দিচ্ছে। ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না, শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।