Image description
রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ কর্মসূচির আওতায় ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করবে দলটি। সমাবেশের পাশাপাশি চলবে মিছিল, সভা ও গণসংযোগ।
 
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সর্বশেষ খবর
 
তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তা বাস্তবায়নের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে অতিরিক্ত ৬০ দিনের কর্মসূচি নেয়া হয়েছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করবে সংগঠনটি।
 
সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মহানগরীর একটি প্রশাসনিক ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, ধর্ম, বর্ণ ও জাতিনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের এসব সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানানো হবে। সমাবেশ ঘিরে একাধিক মিছিল, সভা ও গণসংযোগও করা হবে।
 
 
 
কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানান তিনি। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান জামায়াতের এই নেতা।
 
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা ছিল একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সর্বশেষ খবর
 
জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সেলিম উদ্দিনের অভিযোগ, সরকার জুলাই সনদে স্বাক্ষর করে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছিল। গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার সনদের পক্ষে রায় দিলেও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
 
 
 
তার দাবি, এ পরিস্থিতিতে জনগণ সরকারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।