Image description

প্রশাসন ও গণমাধ্যমে আওয়ামী লীগের দোসররা এখনো ঘাপটি মেরে রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, ‘মিডিয়া লীগ, প্রশাসন লীগ ফ্যাসিস্টের পতন ঠেকাতে পারেনি। কেউ এখনো ফ্যাসিস্টের সঙ্গে গোপন আঁতাত করলে তাদের চাকরিচ্যুত করে বেকারদের নিয়োগ দেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ফটিকছড়িতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি উত্তর উপজেলা, নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 
 

সরোয়ার আলমগীর বলেন, ‘বিগত সময়ে আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি। মনে করেছি, অতীতের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে। কিন্তু তারা এখনো সতর্ক হয়নি, ভালো হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দিতে আমরা ঐক্যবদ্ধ।’

 
 

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মনছুর আলম, এস এম সফিউল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এর আগে বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটের সানমুন কনভেনশন সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন বীর মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।