Image description

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার দেখার আয়োজন করেন তাঁরা।

 

বিজ্ঞাপন

উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে নারী-পুরুষ, শিশু ও বয়স্ক রোহিঙ্গাদের একসঙ্গে বসে আদালতের রায় দেখতে দেখা যায়। এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, আবার কেউ দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।

 

রোহিঙ্গাদের কাছে আইসিজের এই রায় কেবল একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নয়; বরং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং দীর্ঘদিনের শরণার্থীজীবনের অবসানের স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে।

 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পাঠ শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে উখিয়ার ক্যাম্পগুলোতে বড় পর্দায় তা দেখার জন্য রোহিঙ্গাদের উপস্থিতি দেখা যায়।

 

রোহিঙ্গাদের প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক স্বীকৃতি ও জবাবদিহির পথ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়বে এবং তাঁদের নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

 

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় নিয়ে তাঁরা আশাবাদী। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরিতে ভূমিকা রাখবে।’

 

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলাটি করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় পাঠ করা হয়।

 

তবে বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেবল আদালতের রায়ের ওপর নির্ভর করছে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হলেই তাঁদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে।