Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীবা। আটক হওয়া শাকিল খান দর্শন বিভাগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে তাঁকে আটক করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নেওয়া হয় এবং পরে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয় তাঁকে।

শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। আটকের সময় জবি ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন শাকিল। এ সময় তাঁর উপস্থিতির খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা তাঁকে আটকে বাধা দেন।

পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনও জব্দ করেন উপস্থিত ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, শাকিলের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের অভিযোগ, শাকিল এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগে ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তাঁর মাধ্যমে পরিচালিত হয়। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন তাঁরা।

শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাছির আহমাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শাকিলকে ধরে নিয়ে এলে তাঁর পরিচয় যাচাই করা হয়। তিনি দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাঁকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।