রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আদায়ের দাবিতে 'রাবি সংস্কার আন্দোলনের' আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স ফোরাম। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিরোধী মতাদর্শের কর্মকর্তাদের হয়রানি ও প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সাধারণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান অফিসার্স ফোরামের সভাপতি মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে হয়রানি করা হচ্ছে। জুনিয়র কর্মকর্তার অধীনে সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব প্রদান এবং কয়েকজন কর্মকর্তাকে পদায়ন ছাড়াই বদলি করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে বিরোধী মতাদর্শের কর্মকর্তাদের বদলি করা হচ্ছে।
তিনি আরও বলেন, কর্মকর্তাদের মৌলিক দাবিগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন পদে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা।
শিক্ষার্থীদের আন্দোলন ও রাকসু-সংক্রান্ত দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমরা একসময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাই চাই, শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক।
এ সময় অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক কাজী মামুন রানা বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে বিরোধী মতাদর্শের কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। বদলি প্রক্রিয়া নিয়মিত প্রশাসনিক কাজ হলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।
রাকসু প্রসঙ্গে তিনি বলেন, রাকসু প্রতিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। গত এক বছরে বিভিন্ন হল ও ক্যাম্পাসে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তাই রাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি অফিসার্স ফোরামের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একজন ডেপুটি রেজিস্ট্রারকে তিন থেকে চার মাস ধরে নির্দিষ্ট কর্মস্থল কিংবা চেয়ার-টেবিল দেওয়া হয়নি। এ বিষয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে ২১ বার গিয়েও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় কর্মকর্তারা এখন আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি আদায়ে বাধ্য হচ্ছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে চলমান রাকসু আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আগামী ২২ নভেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। তবে অফিসার সমিতির ঘোষিত এ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে অফিসার্স ফোরাম।