দেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন ও বিজয় র্যালি। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়ে পৃথক কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর—এই দুটি বিষয় বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে জনমত গড়ে তোলাও এসব কর্মসূচির লক্ষ্য।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় কার্যকর না করে সরকার বিরোধীদলকে পাশ কাটিয়ে একতরফাভাবে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান হচ্ছে না। রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে। সরকার দ্রুত নিজের অবস্থান পরিবর্তন না করলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করায় সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের স্বার্থ নিয়ে সংকট তৈরি হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। সব মিলিয়ে জাতীয় জীবনে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে।
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, এসব ঘটনা এখন আর কেবল গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধীদল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াতে ইসলামী দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলন করবে। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়। জনগণই হবে এ আন্দোলনের প্রধান শক্তি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের সব কর্মসূচি দলীয়ভাবে পালন করা হবে। ১১-দলীয় জোটের বৈঠক হয়েছে। তবে জোটের প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়টি আগে সমাধান করতে হবে। এক মঞ্চে আসতে হলে যে কারণে জুলাইয়ে ঐক্য হয়েছিল, সরকারকে আগে সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।
৪০ দিনের কর্মসূচি
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বেলা ১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
২৫ নভেম্বর ঢাকার বাইরে দেশের ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হবে।
২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন করবে জামায়াত।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা হবে। এতে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা হবে। এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকবেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে দলটি। ১৯ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে এবং ২১ ডিসেম্বর প্রকৌশলী সমাজের উদ্যোগে আলোচনা সভা হবে।
২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা এবং ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও যুদ্ধাহত বীর এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।