ঢাকা পেপার্সের সম্পাদক আরিফুজ্জামান তুহিন দাবি করেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ কোনো সংগঠন নয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার কেবল সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল।
দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ না, ছাত্রলীগও নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম। অর্থাৎ, দলটি তাদের কার্যক্রম চালাতে পারবে না। এ কাজটি ডক্টর মুহাম্মদ ইউনূস করেছিলেন। সে সময় চাপ ছিল লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ইউনূস বা তার কোনো উপদেষ্টার সাহস ছিল না নিষিদ্ধ করা।”
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আরিফুজ্জামান তুহিনের দাবিটি সঠিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে, ২০২৫ সালের মে মাসে একই আইনের সংশোধিত বিধান অনুযায়ী আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ দুই সিদ্ধান্তের বিষয়ে পৃথক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার।
ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়
২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র হামলা চালিয়ে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এ ছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও সংগঠনটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত থাকার তথ্য-প্রমাণ সরকারের কাছে রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আইনটির তফসিল-২-এ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অর্থাৎ, ২০২৪ সালের ২৩ অক্টোবরের গেজেটেই ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হয়েছিল।
২০২৫ সালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়
অন্যদিকে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন বলে সরকার মনে করে।
এতে আরও বলা হয়, বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
সন্ত্রাসবিরোধী আইনে কী বলা আছে?
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ১৮ ধারার উপধারা (১) এ বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসংগত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে।
তবে মূল আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিষয়ে আলাদা কোনো বিধান ছিল না। এ কারণে ২০২৫ সালে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে ১৮(১) ধারায় ‘সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে’ শব্দগুলোর পর ‘বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে’ শব্দগুলো যুক্ত করা হয়।
এছাড়া অধ্যাদেশটির ২০ ধারা সংশোধন করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করা হয়।
সংশোধিত এই বিধানের ভিত্তিতেই ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।