বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যে আগামী মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় ঢাকা ও নয়াদিল্লির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই দুটি ঘটনা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন তৈরি পোশাকশ্রমিকরা। অন্যদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে দলটির সমর্থকরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমানের সরকার।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বছর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে তার সরকারের দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ সাজা দেয়া হয়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসিনা।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন তিনি। আওয়ামী লীগের অন্য নেতারাও জানিয়েছেন, তারা আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত। তবে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ঢাকা। সরকারের প্রতিনিধিরা এমন ইঙ্গিতও দিয়েছেন যে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।
২০২৪ সালের আগস্টে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে বিভক্ত বাংলাদেশ। তবে ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার ঘোষিত পরিকল্পনা পরিস্থিতির অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। বিষয়টি এখন নিছক জল্পনা নয়, বরং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, দলের ভবিষ্যৎ নির্ভর করছে হাসিনার দেশে ফেরা এবং এরপর কী ঘটে তার ওপর। অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, হাসিনার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কর্তৃপক্ষও বিষয়টিকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
তবে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, হাসিনা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার রাজনীতিতে ফিরতে চান। নির্বাসনে থেকে তিনি সহিংসতার নির্দেশ দিচ্ছেন- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছেন।
গঙ্গার পানি চুক্তি নিয়ে অনিশ্চয়তা: রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও দুই দেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসেরও কম সময় বাকি। কিন্তু ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পরবর্তী আলোচনা কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বুধবার বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরা হয়েছে। গত ৯ই আগস্ট তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে দ্বিপক্ষীয় মতপার্থক্য নিরসনে সহায়ক হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয়, দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হতে পারে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও দুই প্রধানমন্ত্রীর বৈঠকের ধারণাকে সমর্থন করেন। সংবাদপত্রটিকে তিনি বলেন, এমন বৈঠকের মাধ্যমে দুই দেশ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারে। তার ভাষায়, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে তারা নীতিগতভাবে চুক্তিটি আরও একটি মেয়াদের জন্য নবায়ন করতে পারেন। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য মেয়াদ বাড়াতে পারেন। এমনকি বিষয়টি পর্যালোচনার জন্য এক বা দুই বছর মেয়াদ বাড়ানোর কথাও বিবেচনা করতে পারেন।
আগস্টে বিবিসির এক প্রতিবেদনেও বলা হয়, আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে আগ্রহী ভারত। তবে প্রস্তাবিত বৈঠকের সময়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। কারণ, ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে আলোচনার জন্য নয়াদিল্লির পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হলেও এ পর্যন্ত ঢাকার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে অমীমাংসিত ক্ষোভ এবং আনুষ্ঠানিক রাজনীতি থেকে আওয়ামী লীগের বাদ পড়া। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ আগস্টে এক পর্যবেক্ষণে বলে, দীর্ঘদিন ধরেই ভারতকে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলে, দেশে ফেরার বিষয়ে হাসিনার ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
পোশাকশ্রমিকদের আন্দোলনেও চাপে সরকার: এদিকে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ বিএনপি সরকারের জন্য তাৎক্ষণিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পাঁচ ভাগের চার ভাগেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এই খাতের কার্যক্রম ব্যাহত হলে তা দেশের অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় শ্রমিকদের দাবি পূরণ, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ সবকিছু একসঙ্গে সামাল দিতে হচ্ছে সরকারকে। অন্যদিকে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে নয়াদিল্লিও। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ঢাকা-দিল্লি সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।