Image description

জান্নাতুল ফেরদৌস লাকি। জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক। কাজের জন্য দিনের বেশির ভাগ সময় কাটে বাইরে। স্ট্রিমকে লাকি বলছিলেন, বাইরে সবচেয়ে বিপাকে পড়েন প্রাকৃতিক প্রয়োজনে। জরুরি মুহূর্তেও টয়লেট পাওয়া যায় না। বাধ্য হয়ে পানি পান কমিয়ে দিই। কখনো কখনো কাজ ফেলে বাসা কিংবা অফিসে যাই। পানি কম পানের কারণে প্রায় শারীরিক জটিলতা দেখা দেয়।

লাকির মতো রাজধানীতে পাবলিক টয়লেটের ভুক্তভোগী অসংখ্য মানুষ। পুরুষরা জরুরি মুহূর্তে মসজিদ-মন্দির, মার্কেট, হাসপাতাল বা মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহার করলেও নারীরা পড়েন চরম বিপাকে। অনেক ক্ষেত্রে নারী হয়রানির শিকার হন। গবেষণা বলছে, পর্যাপ্ত পরিচ্ছন্ন টয়লেট না থাকায় ৭৪ শতাংশ নারী বাইরে পানি পান কমিয়ে দেন। আর ৩৫ শতাংশ নারী পাবলিক টয়লেট ব্যবহার এড়িয়ে চলেন। ফলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিএসএস) ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনে প্রায় ১ কোটি ৩ লাখ মানুষ বসবাস করেন। এরমধ্যে ঢাকা উত্তরে ৫৯ লাখ ৯০ হাজার ৭২৩ এবং দক্ষিণে ৪৩ লাখ ৫ হাজার ৬৩ জন। জনসংখ্যার বিপরীতে বর্তমানে ঢাকা উত্তরে ৯৬ এবং দক্ষিণে ৭০টি মিলে মোট পাবলিক টয়লেট ১৬৬। এর মধ্যে নানা কারণে ব্যবহার করা যাচ্ছে না ৩০টি। ফলে সচল ১৩৬টি বিবেচনায় গড়ে ৭৫ হাজার ৭৩৫ জনকে একটি পাবলিক টয়লেট ব্যবহার করতে হচ্ছে।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। বিশেষজ্ঞরা বলছেন, ৫০০ মিটার অন্তর পরিচিত মোড়ে একটি পাবলিক টয়লেট থাকা জরুরি। এটা নাগরিকের অধিকার।

বেহাল রাজধানীর পাবলিক টয়লেট

ঢাকার দুই সিটিতে পাবলিক টয়লেট রয়েছে ১৬৬টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৯৬; দক্ষিণে ৭০। দুই সিটির তথ্য বলছে, এগুলোর মধ্যে কিছুর সংস্কার চলছে। অনেকগুলো পরিত্যক্ত ও বন্ধ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির ওয়েবসাইটের তথ্য, ৭০ পাবলিক টয়লেটের মধ্যে সংস্কারাধীন ৬, পরিত্যক্ত ৪ ও বন্ধ রয়েছে ৬টি। অর্থাৎ ৭০ টয়লেটের মধ্যে সচল মাত্র ৫৪। একইভাবে ঢাকা উত্তরে আটটি ভ্রাম্যমাণসহ পাবলিক টয়লেট রয়েছে ৯৬টি। ৮৮টির মধ্যে বন্ধ ৩, ভেঙে ফেলা হয়েছে ২ ও একটি চালুই হয়নি। ফলে ব্যবহার উপযোগী পাবলিক টয়লেট রয়েছে ৮২টি।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) গবেষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডে ১০ হাজার পথচারীর বিপরীতে ১০ ইউনিটের একটি পাবলিক টয়লেট থাকা দরকার। ঢাকা শহরে দিনে গড়ে দেড় কোটি মানুষ চলাচল করেন। এই হিসাবে দেড় হাজার পাবলিক টয়লেট থাকা দরকার।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান জানান, ৫০০ মিটার অন্তর পাবলিক টয়লেট স্থাপন করা দরকার। তিনি স্ট্রিমকে বলেন, ‘শুধু টয়লেট থাকলে হবে না। আমার অবস্থান থেকে পাবলিক টয়লেটের দূরত্ব বোঝার রোডম্যাপ সরকারের দেওয়া দায়িত্ব, যাতে শহরের যে কোনো স্থান থেকে আমি পাবলিক টয়লেটের সঠিক তথ্য জানতে পারি।’

সংশ্লিষ্টরা জানান, দুই সিটির পাবলিক টয়লেট ইজারাদার এবং এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। মার্কেটে নির্মিত কিছু টয়লেট সংশ্লিষ্ট মার্কেট মালিক সমিতি পরিচালনা করে।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের পাবলিক টয়লেটে গিয়ে গত ১৬ নভেম্বর দেখা যায়, ক্যাশ কাউন্টারে বসে ফোনে ব্যস্ত যুবক রাশেদুল ইসলাম। টয়লেট ব্যবহারকারীর কাছ থেকে টাকা তোলেন তিনি। রাশেদের ঠিক পাশে দেয়ালে ঝুলছে বিভিন্ন পণ্য। পাবলিক টয়লেটের ভেতরে ছোট্ট দোকানে বিক্রি হচ্ছে টিস্যু, ব্লেড, সরিষার তেল, ব্রাশ, সাবানসহ হরেক পণ্য।

এখানে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তবে মেজে স্যাঁতসেঁতে ও নোংরা। নাক চেপে ঢুকে বের হচ্ছেন একইভাবে। কিছু জায়গা থেকে অনবরত পানি ঝরছে। টয়লেটটির ইজারাদার মোহাম্মদ ইসমাঈল। দুদিন গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে ক্যাশ কাউন্টারের দায়িত্বে রাশেদুল জানান, ইসমাঈল চাকরি করেন, পাওয়া যাবে না। স্ট্রিমকে তিনি বলেন, ‘আমি কর্মচারী। ইসমাঈল ভাই এটির দায়িত্বে। এই দোকানও তাঁর। আমি শুধু ডিউটি করি।’ ইসমাঈলের ফোন নম্বর চাইলেও দেননি রাশেদুল।

 

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের পাবলিক টয়লেটে ইজারাদার দিয়েছেন মুদি দোকান। স্ট্রিম ছবি
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের পাবলিক টয়লেটে ইজারাদার দিয়েছেন মুদি দোকান। স্ট্রিম ছবি

 

টয়লেট থেকে বের হওয়া শিক্ষার্থী শাকের মাহমুদ বলেন, ‘পাবলিক টয়লেট পাওয়া মুশকিল। একটি পেয়েছি, খুবই দুর্গন্ধ। পরিবেশ নোংরা।’

গত ১০ নভেম্বর গুলিস্তানের অরণ্য টয়লেটের সামনের বারান্দা পরিষ্কারে পাওয়া যায় রানী আক্তারকে। এনজিও ভুমিজের এই টয়লেট তিনিই দেখভাল করেন। এখানে পুরুষ ও নারীর জন্য আলাদা আলাদা চারটি ওয়াশরুশ। উভয়ের জন্য একটি করে হাইকমোড। পুরুষের জন্য রয়েছে তিনটি প্রস্রাবখানা ও দুটি গোসলের জায়গা। নারীর জন্য রয়েছে তিনটি বেসিন ও একটি গোসলখানা।

রানী আক্তার জানান, দিনে গড়ে ৫০০ মানুষ এই টয়লেট ব্যবহার করেন। আশপাশে কোনো অনুষ্ঠান বা সমাগম হলে লোক বাড়ে। প্রস্রাব-পায়খানায় ১০ এবং গোসলে লাগে ১৫ টাকা। এখানে লকার সুবিধা নিতে ১০ এবং এক পানি পানে ২ টাকা দিতে হয়। এছাড়া নারীদের জন্য ১০ টাকায় স্যানিটারি প্যাড দেওয়া হয়।

গাজীপুর থেকে ব্যবসায়িক কাজে গুলিস্তানে আসা রফিকুল ইসলাম অরণ্য টয়লেট ব্যবহারের পর স্ট্রিমকে বললেন, ‘অন্যান্য পাবলিক টয়লেটের তুলনায় এটির পরিবেশ ভালো। পরিষ্কার-পরিচ্ছন্ন পেয়েছি।’

ফুটপাতে হাঁটা দায়

গত ৫, ১০, ১৫ ও ১৬ নভেম্বর সরেজমিন দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে প্রস্রাব করছেন অনেকে। এতে ফুটপাত ও সড়ক ভিজে যাচ্ছে। পথচারীরা সড়কে নাক চেপে, পা টিপে চলাচল করছেন। রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মালিবাগ, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যায়।

কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে দেখা যায়, ফুটপাত ভেজা। ওই জয় গা টুকু পার হতে রাস্তায় নেমে যাচ্ছেন পথচারীরা। বেসরকারি চাকরিজীবী আবদুল হান্নান স্ট্রিমকে বলেন, ‘ঢাকার ফুটপাত ব্যবহার রীতিমতো চ্যালেঞ্জে রূপ নিয়েছে। হাঁটার সময় শুধু দুর্গন্ধ সহ্য করতে হয়, তা নয়। নিজের শরীর পবিত্র রাখাও চ্যালেঞ্জ। মেপে মেপে পথ চলতে হয়। বর্ষাকালে তো সে সুযোগও থাকে না।’

প্রতি ৫০০ মিটার অন্তর পাবলিক টয়লেট থাকা উচিত এবং আমি যেন শহরের যেকোনো স্থান থেকে সেটি জানতে পারি- এমন রোডম্যাপ প্রকাশ করা সরকারের দায়িত্ব।অধ্যাপক আদিল মুহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ

অবশ্য যাঁরা ফুটপাতে প্রাকৃতিক কাজ সারছেন, তাঁদের ভাষ্য, বাধ্য হয়ে করছেন। গত ১৫ নভেম্বর মৎসভবন এলাকায় পাওয়া যায় মোহাম্মদ জয়নালকে। রাজধানীতে গত ১০ বছরের বেশি সময় ধরে তিনি রিকশা চালান। রাস্তায় রিকশা থামিয়ে ফুটপাতে প্রস্রাব করছিলেন জয়নাল। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বাধ্য হয়ে করছি। দৈনিক আমাকে ৮-১০ ঘণ্টা রাস্তায় থাকতে হয়। এই সময়ে অন্তত তিনবার টয়লেটে যেতে হয়। একবার টয়লেটে গেলে ১০ টাকা খরচ হয়। মাসে তো ৯০০ টাকা। আয় কি এত হয়!’

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ বলেন, ‘পাবলিক টয়লেট ব্যবহার একদম ফ্রি করে দেওয়া উচিত। রাষ্ট্রকে আমরা ইনকাম ট্যাক্স দিই। রাষ্ট্র জানে আমাদের অত্যাবশ্যকীয় অধিকার কোনটি। সেটির জন্য আলাদা করে টাকা নেওয়া মানে দায়িত্বে অবহেলা আছে।’

সমাধান ‘সামাজিক প্রতিষ্ঠান’

রাষ্ট্র এখনো পাবলিক টয়লেটকে অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে গণ্য করে না অভিযোগ অধ্যাপক আদিল মুহাম্মদের। তাঁর মতে, রাষ্ট্র চায় না বলেই রাজধানীতে পাবলিক টয়লেটের এত সংকট। এই সংকট মোকাবেলায় জরুরি সমাধান হতে পারে সামাজিক প্রতিষ্ঠানের টয়লেট।

আদিল মুহাম্মদ খান বলেন, ‘পাবলিক টয়লেটের সমস্যা দ্রুত দূর করার জন্য সরকারের উচিত শপিংমল, হাসপাতাল ও মসজিদের টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। একইসঙ্গে এসব টয়লেট রক্ষণাবেক্ষণের জন্য সরকারের তরফ থেকে সাহায্য করা। তাঁর আগে যেগুলো উন্মুক্ত আছে, সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে হবে।’

এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে ফোন ও মেসেজ দিয়ে সাড়া পাওয়া যায়নি। তবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম স্ট্রিমকে বলেন, ‘আমরা টয়লেট বাড়ানো চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘যেসব টয়লেট বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করা হবে। সেইসঙ্গে বিভিন্ন মোড়ে নতুন টয়লেট তৈরির প্ল্যান নিয়েছি। এসব টয়লেটে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’