রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের ভেতরের সুড়ঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ ফ্লাইওভারের মৌচাক মোড়ের একটি পিলারের বিমের সুড়ঙ্গ থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভবঘুরে ও ভাসমান প্রকৃতির ছিলেন। তিনি ফ্লাইওভারের একটি পিলারের বিমের সুড়ঙ্গের ভেতরে ঘুমাতেন।
তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহটি পচে ফুলে গেছে এবং তাতে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শীর্ষনিউজ