Image description

রাজধানীর ডেমরার একটি বাসা থেকে ইভা আক্তার ফারজানা (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা থানার ধার্মিকপাড়া পশ্চিমপাড়া এলাকার ওই বাসায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।

ইভার গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজিপারোয়া এলাকায়। তার বাবার নাম ইন্তাজ আলী। পরিবারের সঙ্গে সে ডেমরার ওই বাসায় ভাড়া থাকত এবং স্থানীয় মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা ইভার প্রতিবেশী মো. সাদেক জানান, তিন বোনের মধ্যে ইভা ছিল সবার ছোট। তার বাবা পেশায় অটোরিকশাচালক এবং মা একটি খাবারের হোটেলে কাজ করেন।  ঘটনার সময় বাসায় কেউ ছিল না। সন্ধ্যায় ইভার বড় দুই বোন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা প্রতিবেশীদের খবর দেয়।

পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ইভাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত আনুমানিক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ইভার মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা প্রতিবেশীদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।