রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হাসিব (ছদ্মনাম)। একদিন বাসা থেকে অফিসে যাওয়ার পথে গুলশান-১ এলাকায় তাঁর পকেট থেকে মুঠোফোনটি চুরি হয়। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে অন্য একটি নম্বর থেকে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের কল সেন্টারে ফোন করে নিজের হিসাবের লেনদেন বন্ধ করেন তিনি।
কল সেন্টার থেকে তাঁকে জানানো হয়, তাঁর হিসাবের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যে নম্বর থেকে ফোন করেছেন, সেটি এবং বিকাশ নম্বর নিশ্চিত না করা পর্যন্ত লেনদেন চালু হবে না।
দুই দিন পর চুরি হওয়া নম্বরের সিম আবার তোলেন হাসিব। এরপর বিকাশের কল সেন্টারে ফোন করে জানতে পারেন, এক দিন আগেই তাঁর হিসাব চালু করা হয়েছে। অথচ তিনি নিজে তা চালুর কোনো অনুরোধ করেননি। পরে নতুন পিন তৈরি করে হিসাবে ঢুকে দেখেন, সেখান থেকে ৮৫ হাজার ১১৫ টাকা তুলে নেওয়া হয়েছে। সেন্ড মানি, ক্যাশ আউট ও মুঠোফোনে রিচার্জের মাধ্যমে বিভিন্ন নম্বরে কয়েক দফায় এই টাকা সরানো হয়েছে।
১১ নভেম্বর প্রথম আলোকে হাসিব বলেন, তাঁর মুঠোফোনে লক দেওয়া ছিল। বিকাশ অ্যাপেও পিন ব্যবহার করতেন। ফোন চুরির পর কল সেন্টারে যোগাযোগ করে হিসাবের লেনদেন বন্ধও করেছিলেন। এরপরও কীভাবে টাকা সরানো হলো, তা বুঝতে পারছেন না তিনি। এ ঘটনায় বিকাশের কেউ জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ তাঁর।
সম্প্রতি চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোন থেকে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাবের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে চক্রের সদস্যরা ভুক্তভোগীর নামে ঋণ নিয়েও টাকা আত্মসাৎ করছেন। শুধু অর্থ সরিয়েই থেমে থাকছে না তারা। ফোনের নিয়ন্ত্রণ নিতে ফিশিং লিংক পাঠানো হচ্ছে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
সম্প্রতি চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোন থেকে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাবের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে চক্রের সদস্যরা ভুক্তভোগীর নামে ঋণ নিয়েও টাকা আত্মসাৎ করছেন। শুধু অর্থ সরিয়েই থেমে থাকছে না তাঁরা। ফোনের নিয়ন্ত্রণ নিতে ফিশিং লিংক পাঠানো হচ্ছে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
একাধিক ঘটনা পর্যালোচনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব অপরাধের ধরন এক রকম নয়। কখনো ফোন আনলক অবস্থায় ছিনিয়ে নিয়ে দ্রুত টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। কখনো সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে এমএফএস হিসাবের পিন পরিবর্তন করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় গ্রাহকের অসতর্কতার পাশাপাশি সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার বিষয়টিও খতিয়ে দেখা দরকার। ভুক্তভোগীদের অধিকাংশই বিকাশের হিসাব থেকে টাকা হারানোর অভিযোগ করেছেন। কেউ কেউ ব্যাংক হিসাব থেকেও অর্থ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।
বিকাশ ও বাংলাদেশ ব্যাংক যা বলছে
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম ১৭ নভেম্বর প্রথম আলোকে বলেন, ফোন হারানোর পর বিকাশ অ্যাকাউন্ট স্থগিত করা হলে তা পুনরায় সচল করতে গ্রাহককে কয়েক ধাপে পরিচয় ও তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রথমত, বিকাশ অ্যাকাউন্টের জন্য নিবন্ধিত নম্বর থেকেই কল সেন্টারে ফোন করতে হয়। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট স্থগিত করার জন্য কল সেন্টারে আগে যে নম্বর থেকে কল করা হয়েছিল, সেটি জানাতে হয়। এ ছাড়া গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও সাম্প্রতিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। এসব তথ্য যথাযথভাবে মিলে গেলেই কেবল স্থগিত অ্যাকাউন্ট পুনরায় সচল করা হয়।
এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বলব, তারা যেন তাদের সিস্টেমটাকে আরও সবল করে।আরিফ হোসেন খান, মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক
শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, ফোন হারানোর পর গ্রাহক নিজের সিম ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিলে অন্য কারও পক্ষে বিকাশ অ্যাকাউন্ট পুনরায় সচল করার সুযোগ থাকে না। গ্রাহকের ব্যক্তিগত তথ্য যাচাইয়ের এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার পাশাপাশি ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত সিম বন্ধ করা জরুরি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেছেন, তাঁদের কাছে এখনো এ ধরনের অভিযোগ আসেনি। তবে তাঁরা নিয়মিত এমএফএস প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

আরিফ হোসেন খান বলেন, ‘এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বলব, তারা যেন তাদের সিস্টেমটাকে আরও সবল করে।’
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের প্রথম আলোকে বলেন, চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোনের সিম, এমএফএস অ্যাপ ও সংরক্ষিত তথ্য ব্যবহার করে অপরাধীরা অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্বল পিন, ওটিপি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে তাঁরা হিসাবে প্রবেশ করছে।
ঋণ নিয়েও টাকা সরাচ্ছে চক্র
রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসক কামাল (ছদ্মনাম) গত মাসের শেষ সপ্তাহে বাসে করে শ্যামলীতে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাঁর হাত থেকে ছোঁ মেরে মুঠোফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সিম তোলার পর বিকাশ অ্যাপ ইনস্টল করে নিজের হিসাবে ঢুকে দেখেন, সেখান থেকে ৭ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর নামে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে আরও ৩৫ হাজার টাকা।
শক্তিশালী লক এবং এমএফএস হিসাবে গোপন পিন ব্যবহার করতে হবে। কাউকে ওটিপি বা পিন দেওয়া যাবে না। ফোনে আর্থিক তথ্য সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ফোন হারালে দ্রুত সিম ও এমএফএস হিসাবের লেনদেন বন্ধ করতে হবে।আবদুল্লাহ আল জাবের, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ
কামালের অভিযোগের পর ঘটনাটি অনুসন্ধান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। অনুসন্ধানের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফোনটি ছিনতাইয়ের সময় আনলক অবস্থায় ছিল। ফলে চক্রটি প্রথম ১০ মিনিটের মধ্যেই টাকা সরিয়ে নিতে সক্ষম হয়। ফোনটিতে গুগলের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা চালু ছিল। ওই কর্মকর্তা বলেন, টাকা সরাতে ব্যবহার করা নম্বরগুলোর তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সেখানে প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৩ শতাংশ অভিযোগ মুঠোফোন হারানো–সংক্রান্ত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হারানো বা চুরি হওয়া ফোন থেকে টাকা সরিয়ে নেওয়ার ঘটনা এসব অভিযোগের উল্লেখযোগ্য অংশ। তাঁদের মতে, এটি সাইবার অপরাধের নতুন একটি প্রবণতা। এখনই সতর্ক না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।
টাকা সরানোর পর পাঠানো হয় ফিশিং লিংক
গত ৫ অক্টোবর রাজধানীর ডেমরা এলাকায় বাসে যাতায়াতের সময় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বেলির (ছদ্মনাম) আইফোন চুরি হয়। ফোনটি খুঁজে না পেয়ে তিনি ব্যবহৃত নম্বরের সিম পুনরায় তোলেন। ওই নম্বরেই তাঁর বিকাশ হিসাব খোলা ছিল। পরে বিকাশ অ্যাপে ঢুকে দেখেন, হিসাব থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
১১ নভেম্বর সন্ধ্যায় বেলি প্রথম আলোকে বলেন, তাঁর বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি, পেমেন্ট ও মুঠোফোন রিচার্জের মাধ্যমে টাকা সরানো হয়েছে। ফোন চুরির দুই ঘণ্টা পর থেকেই লেনদেন শুরু হয়।
এ ধরনের অপরাধ এড়াতে সচেতনতার বিকল্প নেই। কেউ এমন পরিস্থিতির শিকার হলে সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। তাঁদের পক্ষ থেকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের শনাক্তে কাজ করা হবে।সৈয়দ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ, ডিবি
টাকা নেওয়ার পরও থেমে থাকেনি চক্রটি। তাঁর আইফোনের অ্যাপল আইডি নষ্ট করে নতুন আইডি তৈরির চেষ্টা করা হয়। এ জন্য পরে বেলির নম্বরে একটি ফিশিং লিংক পাঠানো হয়েছিল। তবে তিনি ওই লিংকে কোনো তথ্য দেননি। পরে চক্রের এক সদস্য হোয়াটসঅ্যাপে ফোন করে লিংকে প্রবেশের জন্য চাপ দেন। হুমকিও দেন। এ ঘটনায় পরে মামলা করেন বেলি।
মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন চোরাই মুঠোফোন চক্রের সদস্য। অন্য দুজনকে আত্মসাৎ করা অর্থের লেনদেনের সূত্র ধরে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
বিকাশের পিন পরিবর্তন নিয়ে রহস্য
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলির আইফোনটি আনলক করার পর তাঁর বিকাশ হিসাবের পিন পরিবর্তন করা হয়। এরপর হিসাবে থাকা প্রায় এক লাখ টাকার ডিপিএস ভেঙে ফেলা হয়। সেই টাকা বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের নম্বর ও হিসাবে পাঠানো হয়। কিছু টাকা স্থানীয় দোকান থেকে ক্যাশ আউটও করা হয়।
তবে চক্রের সদস্যরা কীভাবে বিকাশ হিসাবের পিন পরিবর্তন করেছিল, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আরেকটি ঘটনার তদন্ত চলছে। সেটির রহস্য উন্মোচিত হলে পিন পরিবর্তনের কৌশল সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
বেলির মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও এ বিষয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
‘ফাইন্ড মাই’-এর নামে ফিশিং লিংক
চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, ফোন চুরি বা ছিনতাইয়ের পর সেটি কয়েকটি নির্দিষ্ট চক্রের হাতে যায়। এরপর ফোনের মালিক সিম তোলার পর তাঁকে অ্যাপলের ‘ফাইন্ড মাই’-এর মতো দেখতে একটি ভুয়া লিংক পাঠানো হয়। ভুক্তভোগী ওই লিংকে প্রবেশ করে অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিলে চক্রের সদস্যরা ফোনের লক পরিবর্তনের সুযোগ পায় বলে দাবি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের।
কর্মকর্তাদের দাবি, এভাবে ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেগুলো দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করা হয়। বিশেষ করে ভারতে এসব ফোন পাঠানো হয়। একইভাবে ভারত থেকে আসা চোরাই মুঠোফোনও বাংলাদেশে এনে বিক্রি করা হয়।
নিরাপদ থাকবেন যেভাবে
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, মুঠোফোনে শক্তিশালী লক ও এমএফএস হিসাবে গোপন পিন ব্যবহার করতে হবে। কাউকে ওটিপি বা পিন দেওয়া যাবে না। ফোনে আর্থিক তথ্য সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ফোন হারালে দ্রুত সিম ও এমএফএস হিসাবের লেনদেন বন্ধ করতে হবে।
ডিএমপির ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ) সৈয়দ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, এ ধরনের অপরাধ এড়াতে সচেতনতার বিকল্প নেই। কেউ এমন পরিস্থিতির শিকার হলে সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। তাঁদের পক্ষ থেকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের শনাক্তে কাজ করা হবে।
কর্মকর্তারা বলেন, মুঠোফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ব্যবহার করতে হবে। পাশাপাশি আর্থিক লেনদেনের অ্যাপে আলাদা লক রাখতে হবে। ফোনে পাসওয়ার্ড সংরক্ষণ বা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সুবিধা চালু রাখার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
ফোন চুরি বা ছিনতাই হলে দ্রুত সিম বন্ধ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এমএফএস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে হিসাবের লেনদেন স্থগিত করতে হবে।