Image description

চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব পাচ্ছে। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইই’র প্রস্তাব অনুমোদন করেছে।

মহেশখালীর কুতুবজোমে ভাসমান টার্মিনালটি নির্মাণ করা হবে। এর আগেও মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি এবং অন্যটি দেশীয় কোম্পানি সামিট পাওয়ার পরিচালনা করছে।

সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে চীনের প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে। নির্মিয়মান এই টার্মিনাল থেকে প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সরবরাহ সক্ষমতা বাড়িয়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট করা যাবে।

পেট্রোবাংলা জানায়, চুক্তি অনুযায়ী, বিল্ড-ওন-অপারেট (বিওও) পদ্ধতিতে টার্মিনালটি নির্মাণ, মালিকানা ও পরিচালনা করবে সিএনইই। অর্থাৎ নির্মাণের পাশাপাশি নির্ধারিত চুক্তির মেয়াদে টার্মিনালের মালিকানা ও পরিচালনার দায়িত্বও থাকবে প্রতিষ্ঠানটির হাতে। চুক্তির মেয়াদ হবে ১৫ অথবা ২০ বছর। ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পেট্রোবাংলার সূত্র বলছে, বর্তমানে দেশে যে গ্যাস পাইপ লাইন রয়েছে— তার মধ্য দিয়ে প্রতি দিন আরও ৬০০ মিলিয়ন ঘণফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব। এই টার্মিনালটি চালু হলে নতুন করে কোনও পাইপ লাইন নির্মাণের প্রয়োজন হবে না।

সংশ্লিষ্টসূত্র বলছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হয় ২৫০০ থেকে ২৬০০ মিলিয়ন ঘনফুট। ক্রমান্বয়ে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। এই ঘাটতি মোকাবিলায় নতুন আমদানি অকঠামো নির্মাণ জরুরি ছিল। ২০২৬ সালের পর গ্যাসের ঘাটতি হতে পারে, এই বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকার   সামিটকে মহেশখালীতে আরও একটি টার্মিনাল নির্মাণের অনুমোদন দিয়েছিল। তবে ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার টার্মিনালটির অনুমোদন বাতিল করে দেয়।এরপর তীব্র গ্রাস সংকটের কবলে পড়ে দেশ।  বর্তমান সরকার দেশের গ্যাস সংকটের আশু সমাধানের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানায়। চীনের সিএনইই এক্ষেত্রে বিনিয়োগে সাড়া দেয়।

প্রসঙ্গত, গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। সে সময় জানানো হয়, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে। কিন্তু বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের প্রতিদিনের খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। আর সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার।

সেই হিসাবে সামিটের তুলনায় সিএনইইকে প্রায় ৩৭ শতাংশ এবং এক্সিলারেটের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি অর্থ দিতে হবে। দীর্ঘ মেয়াদে এই বাড়তি চার্জ সরকারের এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় বাড়ানোর শঙ্কা থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  দাম বেশি বলে এর আগে অক্টোবর মাসে চীনা কোম্পানির প্রস্তাবটি রিভিউ করার জন্য ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু শেষ অব্দি  ওই দামেই অনুমোদন পেয়েছে প্রকল্পটি।

প্রস্তাবের আর্থিক হিসাব অনুযায়ী, ১৫ বছরের চুক্তিতে টার্মিনালের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। এ ক্ষেত্রে দৈনিক সার্ভিস চার্জ ৩ লাখ ৪২ হাজার ডলার। অন্যদিকে ২০ বছরের চুক্তির জন্য প্রস্তাবিত ব্যয় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এ মেয়াদে দৈনিক সার্ভিস চার্জ হবে ৩ লাখ ২৯ হাজার ডলার। ১২ শতাংশ ডিসকাউন্ট রেটে হিসাব করে এ ব্যয় নির্ধারণ করা হয়েছে।

সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির আওতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির আগে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অভিজ্ঞতা না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

জ্বালানি বিশেষজ্ঞ  শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ কম খরচে টার্মিনাল নির্মাণের প্রস্তাব থাকা সত্ত্বেও বেশি খরচের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কয়েকটি কোম্পানি কম দামে প্রস্তাব দিলেও সেগুলো যে বিবেচনা করা হয়েছে, এমন প্রমাণ নেই।’’ তাঁর মতে, জ্বালানি খাতে সরকারি অর্থের অপচয় ও লুটপাট বন্ধ করতে হলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।

অতিরিক্ত ব্যয় নিয়ে সংসদে আলোচনা

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তৃতীয় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নতুন টার্মিনালের সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ সক্ষমতা বেশি হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং দীর্ঘ মেয়াদে ব্যয় সাশ্রয় হবে। তবে এ প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছে বিরোধী দল।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত এফএসআরইউটির এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। বর্তমানে চালু দুটি টার্মিনালের প্রতিটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। অর্থাৎ নতুন টার্মিনালের সংরক্ষণক্ষমতা প্রায় ২৬ শতাংশ বেশি। বেশি মূলধনি বিনিয়োগের প্রয়োজন হওয়ায় এর দৈনিক ক্যাপাসিটি চার্জও বেশি হবে।

এর আগে বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন প্রকল্পটির ব্যয়, ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া ও মালিকানা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, প্রকল্পের জন্য নির্বাচিত চীনা কোম্পানি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ক্যাপাসিটি চার্জ নেবে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার। 

আখতার হোসেনের দাবি, তুলনীয় ব্যবস্থার চেয়ে প্রস্তাবিত প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি ব্যয় হবে। এ ছাড়া ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষে টার্মিনাল ও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের ক্ষেত্রে এমন ব্যবস্থা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে একজন সংসদ সদস্যের নাতির মালিকানাধীন একটি কোম্পানি একই ধরনের প্রস্তাব দিয়েছিল। তবে সর্বশেষ প্রকল্প অনুমোদনের আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যবস্থা নেবে কি না, তা জানতে চান আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি কোনো উত্তর না দিয়ে এ বিষয়ে আলাদা নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন।

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচিত জাহাজটি ২০১৬ সালে নির্মিত। অন্যদিকে বর্তমানে চালু দুটি এফএসআরইউ নির্মিত হয়েছিল ২০০৫ ও ২০০৬ সালে। সরকার ২০০৮ সালে নির্মিত একটি জাহাজ কেনার বিষয়টিও বিবেচনা করেছিল। তবে গত আগস্টে এফএসআরইউতে ত্রুটির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতে তুলনামূলক নতুন জাহাজটি বেছে নেওয়া হয়েছে। ওই ত্রুটির কারণে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল।

তিনি বলেন, নতুন টার্মিনালে চারটি পুনঃগ্যাসীকরণ ইউনিট থাকবে। এগুলোর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। তবে একটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হবে। এ টার্মিনাল থেকে প্রতিদিন ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।

প্রতিমন্ত্রী জানান, বড় জাহাজটিতে মস-টাইপ ও মেমব্রেন-টাইপ—উভয় ধরনের এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারবে। পাশাপাশি বেশি পরিমাণ এলএনজি বহনকারী বড় জাহাজও এ টার্মিনালে আসতে পারবে, যা বিদ্যমান টার্মিনাল দুটিতে সম্ভব নয়।

তিনি বলেন, বেশি পরিমাণে এলএনজি কেনা গেলে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ মার্কিন সেন্ট সাশ্রয় হতে পারে। এতে প্রতিটি কার্গোতে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় সম্ভব। বছরে ৫০টি কার্গো এবং প্রস্তাবিত ২০ বছরের মেয়াদ বিবেচনায় এ সাশ্রয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ৩০০ কোটি টাকা।

বড় সংরক্ষণক্ষমতার কারণে এলএনজিবাহী জাহাজ আসার সংখ্যা ও ঘনত্ব কমবে। এতে জাহাজের সময়সূচি ব্যবস্থাপনা সহজ হবে এবং সমুদ্র উপকূলে অপেক্ষমাণ জাহাজের কারণে অতিরিক্ত চার্জের পরিমাণও কমবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান দুটি টার্মিনালে বছরে প্রায় ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা সম্ভব। সাধারণত প্রতি তিন থেকে চার দিন পরপর একটি জাহাজ আসে।

নতুন টার্মিনাল জরুরি পরিস্থিতিতে গ্যাস মজুতের সক্ষমতা বাড়াবে এবং সরবরাহ বিঘ্নিত হলে জাতীয় গ্যাস গ্রিডে চাপ বজায় রাখতে সহায়তা করবে। গ্যাসের চাপ সাময়িকভাবে কমে গেলে তা স্বাভাবিক করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এতে বিশেষ করে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত হয় বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে কুতুবদিয়া-মহেশখালী এলাকায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।