Image description

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ শুনানি শেষ করলে কথা বলার জন্য কাঠগড়ায় হাত তোলেন সাঈদ খোকন। ২ মিনিট ধরে হাত তুলে রাখলেও কথা বলার অনুমতি পাননি সাবেক এ মেয়র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় দেখা যায়। ভিড় ঠেলে পুলিশ সদস্যরা আসামিকে আদালতে নিয়ে যান। এ সময় আদালত প্রাঙ্গণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাঈদ খোকনের প্রিজনভ্যানে ঝাঁড়ু মারতে থাকেন। পরে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে শুনানি শুরু হয়।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড চান। পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান।

 
 

পিপি বলেন, ‘সাঈদ খোকন দাঁড়ি ও চুল বড় করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার অবয়ব পাল্টে গোপনে ছিলেন। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে, তখন সাঈদ খোকন ঢাকা দক্ষিণের নেতৃত্ব দেন। তিনি অনেক হত্যাকাণ্ডের নেপথ্যের নেতা। এজন্য জুলাই আন্দোলনের পর আত্মগোপনে ছিলেন। তার নামে দুদক, হত্যাসহ ৩০টির অধিক মামলা রয়েছে। আজকের যে মামলায় তাকে আসামি করা হয়েছে, তার ভুক্তভোগী ৮ম শ্রেণির শিক্ষার্থী মোতালেব হত্যার শিকার হন। এ মামলার ২৯তম এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।’

 

পিপি আরও বলেন, ‘বর্তমানে ঢাকা দক্ষিণে নাশকতায় তার নাম পাওয়া গেছে। সিজেএম কোর্টে ককটেল বিস্ফোরণেও তার সংশ্লিষ্টতা রয়েছে। দেশের সব নাশকতার জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় সে সংযুক্ত রয়েছে। বিভিন্ন গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণে তার সংশ্লিষ্টতা তার ডিভাইসে পাওয়া গেছে। এজন্য তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন।’

 

আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর শুনানিতে বলেন, ‘আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো প্রমাণ নেই। তিনি নির্বাচিত মেয়র ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা বিচার্য বিষয়। যে এজাহার এফআইআর করা হয়েছে তা ঘটনার ২২ দিন পর। তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। তার রিমান্ড বাতিল নয়, আমরা জামিন চাই। তবে জামিন না দিলেও রিমান্ডে না নিয়ে তাকে কারাগারে পাঠানো হোক।’

দুইপক্ষের শুনানি শেষে সাঈদ খোকন ৬টা ১৮ মিনিটে কথা বলার জন্য হাত তুলে ধরে রাখেন। এ সময় আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ‘আসামি কিছু বলতে চান।’ তখন পাশ থেকে বিপক্ষ আইনজীবীরা তাকে ধমকান। কথা বলার অনুমতি দিবেন কিনা সেটা আদালত বুঝবেন বলেন আইনজীবীরা।’

পরে বিচারক কথা বলার অনুমতি না দিয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় দুই মিনিটের বেশি সময় ধরে কথা বলার জন্য কাঠগড়ায় হাত তুলে রাখলেও অনুমতি পাননি সাঈদ খোকন। পরে কড়া নিরাপত্তায় তাকে প্রিজনভ্যানে করে রিমান্ডের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। এতে তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।

এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।