Image description

ডিসেম্বরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে বাংলাদেশের সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার আশঙ্কা দেখা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বর থেকে সরকার ও বিরোধী জোটের গুরুত্বপূর্ণ নেতাদের লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এমনকি পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘এম্পায়ার লেন্সের’ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা কয়েকজন ব্যক্তি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের ওপর হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এম্পায়ার লেন্স। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর দাবি, হামলার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্য। তাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নাম রয়েছে। এ ছাড়া বিএনপির যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

এনসিপির নেতাদের মধ্যে রয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু (মাহমুদা আলম)। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েলের নামও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এনসিপির নেতা আখতার হোসেনের নামও উল্লেখ করেছেন সূত্রগুলো। এ ছাড়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর আরও কয়েকজন সংসদ সদস্য হামলার ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলো নিয়ে কাজ করা এক আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষক এম্পায়ার লেন্সকে বলেন, আওয়ামী লীগ বিক্ষিপ্ত সহিংসতার মাধ্যমে তাদের কর্মীদের সক্রিয় করা এবং পরিস্থিতি যাচাই করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তবে বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন নেতা ডিসেম্বরেই বড় ধরনের আন্দোলন বা অভিযান সফল হবে কি না, তা নিয়ে সন্দিহান। তাঁদের কেউ কেউ ডিসেম্বরজুড়ে সীমিত মাত্রায় অস্থিরতা তৈরি করে জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে বড় ধরনের তৎপরতা চালানোর পক্ষে মত দিচ্ছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতার নতুন ঢেউ দেখা গেছে। পুলিশ জানিয়েছে, গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত আটটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর কাছে একটি মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব সহিংসতার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করছে সরকার।

এরপর ১২ নভেম্বর ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পারিবারিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। এনসিপি নেতাদের দাবি, বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল এবং এর সঙ্গে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় পরিবারের কোনো সদস্য হতাহত হননি।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। এরপরও গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। এম্পায়ার লেন্সের সূত্রগুলোর দাবি, বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন নেতাও নভেম্বরের শেষ দিকে ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখান থেকে তাঁরা বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন।

আরটিএনএন