Image description
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
 
 
তবে এই সংযোগ এখনই স্থায়ী বা বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ নয়। কেন্দ্রটির উৎপাদনব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার সক্ষমতা যাচাইয়ে কয়েক ধাপে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
মঙ্গলবার বিকেলে পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম শুরুর সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ সংবাদমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
 
এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিভিন্ন পরিচালন ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
 
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। এখন জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়, ফ্রিকোয়েন্সি এবং বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। পরীক্ষার সময় কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থাও রাখা হয়েছে।
 
 
 
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, পরীক্ষামূলক সংযোগ সফল হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কারিগরি পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।
 
কারিগরি পরীক্ষাগুলো সন্তোষজনকভাবে সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। এরপর ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেয়া হবে।
খেলা খবর
 
চুক্তি অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রটির পরিচালন দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর এবং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
 
২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পে দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার কেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।
 
 
 
দীর্ঘ নির্মাণ ও কমিশনিং প্রক্রিয়া পেরিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারিগরি ও নিয়ন্ত্রক ধাপ।