Image description
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কোনো এলাকার বাসাবাড়িতে যাবে না। কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর সঞ্চালন লাইন, উপকেন্দ্র ও বিতরণব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাবে। এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন, গ্রিড উপকেন্দ্র এবং বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর অবকাঠামো।
 
জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর বিদ্যুৎটি উচ্চ ভোল্টেজে সঞ্চালন লাইনের মাধ্যমে বিভিন্ন গ্রিড উপকেন্দ্রে যাবে। সেখান থেকে ভোল্টেজ কমিয়ে বিতরণব্যবস্থায় পাঠানো হবে। পরে বিতরণ সংস্থাগুলোর স্থানীয় উপকেন্দ্র ও ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছাবে বাসাবাড়ি, শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। তবে এই পরীক্ষামূলক সংযোগের অর্থ পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়।
 
পদ্মা-যমুনা পেরিয়ে যাবে বিদ্যুৎ
 
রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পদ্মা ও যমুনা নদী পারাপার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য নদী দুটির ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।
 
 
পাওয়ার গ্রিডের প্রকল্পের তথ্য অনুযায়ী, যমুনা নদীর ওপর ৪০০ কেভির সাত কিলোমিটার ডাবল সার্কিট এবং পদ্মা নদীর ওপর দুই কিলোমিটার সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া যমুনা নদীর ওপর ২৩০ কেভির সাত কিলোমিটার ডাবল সার্কিট লাইন রয়েছে। ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত এই নদী পারাপার প্রকল্পের ভৌত অগ্রগতি ছিল ৯৭ দশমিক ২০ শতাংশ।
 
কীভাবে বিদ্যুৎ পৌঁছাবে বাসাবাড়িতে?
 
রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে কেন্দ্রের নিজস্ব উপকেন্দ্রের মাধ্যমে উচ্চ ভোল্টেজে জাতীয় সঞ্চালনব্যবস্থায় যুক্ত হবে। এরপর বিদ্যুতের চাহিদা ও গ্রিডের পরিস্থিতি বিবেচনায় জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার সঞ্চালনব্যবস্থা পরিচালনা করবে।
 
জাতীয় গ্রিডের উচ্চ ভোল্টেজের লাইন দিয়ে বিদ্যুৎ বিভিন্ন গ্রিড উপকেন্দ্রে পৌঁছাবে। সেখানে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে বিতরণ উপযোগী করা হবে। এরপর পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মতো বিতরণ সংস্থার মাধ্যমে বিদ্যুৎ যাবে বিভিন্ন এলাকার বিতরণ উপকেন্দ্রে।
খেলা খবর
 
 
সেখান থেকে স্থানীয় ট্রান্সফরমারের মাধ্যমে আরও ভোল্টেজ কমিয়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হবে।