দেশের ব্যাংক খাতে ইসলামী ব্যাংকিংয়ের পরিধি বাড়লেও আর্থিক সূচকে প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে পড়ছে এ খাত। আমানত, বিনিয়োগ ও সম্পদ-তিন ক্ষেত্রেই ইসলামী ব্যাংকগুলোর প্রবৃদ্ধি তুলনামূলক কম। বিশেষ করে প্রবাসী আয় সংগ্রহে ইসলামী ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মাসিক ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স পরিসংখ্যান, সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নভেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ও প্রচলিত ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫২০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর আমানত একই সময়ে বেড়েছে প্রায় ১৪ দশমিক ৯৩ শতাংশ।
তবে ইসলামী ব্যাংকিং খাতের সামগ্রিক আমানত বাড়লেও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজার ৮৫১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৭ শতাংশ কম। বিপরীতে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোগুলোর আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানতের ৮২ দশমিক ১০ শতাংশ এখনো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর। তবে এসব ব্যাংকের আমানত কমে যাওয়ায় সামগ্রিক খাতের প্রবৃদ্ধি মূলত প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখার আমানত বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ এবং উইন্ডোর আমানত বেড়েছে ২৯ দশমিক ০১ শতাংশ। বিপরীতে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত কমেছে ২ দশমিক ১৭ শতাংশ।
আমানতের পাশাপাশি বিনিয়োগের প্রবৃদ্ধিতেও পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকিং খাতের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ৪১৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের মোট বিনিয়োগের ২৩ দশমিক ৮৮ শতাংশ ইসলামী ব্যাংকগুলোর। আগের বছরের একই সময়ে এ হার ছিল ২৪ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বাড়লেও সামগ্রিক ব্যাংক খাতে ইসলামী ব্যাংকগুলোর বাজার হিস্যা কমেছে।
ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগের বড় অংশ কয়েকটি খাতে কেন্দ্রীভূত। এর মধ্যে বাই-মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগের পরিমাণ মোট বিনিয়োগের ৪১ দশমিক ৪৪ শতাংশ। এ ছাড়া হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম) পদ্ধতিতে ১৮ দশমিক ৯৮ শতাংশ এবং বাই-মুয়াজ্জালে ১৬ দশমিক ৫৯ শতাংশ বিনিয়োগ রয়েছে। শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতে এসব বিনিয়োগের বড় অংশ গেছে।
সম্পদের প্রবৃদ্ধিতেও প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর মোট সম্পদ দাঁড়িয়েছে ১০ লাখ ২৫ হাজার ৩৭২ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় সম্পদ বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর সম্পদ বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকগুলোর সম্পদ বৃদ্ধির পেছনে বিনিয়োগ কার্যক্রমের সম্প্রসারণ থাকলেও তারল্য ব্যবস্থাপনা, সীমিত পরিচালন সক্ষমতা এবং আর্থিক পণ্যের বৈচিত্র্য কম থাকার মতো বিষয় প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
ইসলামী ব্যাংকগুলোর জন্য সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে প্রবাসী আয় সংগ্রহে। সেপ্টেম্বর মাসে এসব ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরে এসেছিল ৮১ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।
শুধু আগের বছরের তুলনায় নয়, গত আগস্টের তুলনায়ও সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে। আগস্টে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। এক মাসের ব্যবধানে তা কমেছে ১০ দশমিক ০৮ শতাংশ।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই মাসের তুলনায় তাদের প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ।
ফলে দেশের মোট প্রবাসী আয়ের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর হিস্যা এক বছরে ৩০ দশমিক ৪৪ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৪৯ শতাংশে নেমেছে। গত আগস্টেও এ হিস্যা ছিল ২১ দশমিক ২৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকিং খাতের অস্থিতিশীল পরিস্থিতি এবং আমানতকারীদের আস্থা ধরে রাখতে না পারার বিষয়টি প্রবাসী আয় সংগ্রহে প্রভাব ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকগুলোর প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রপ্তানি আয় সংগ্রহেও ইসলামী ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে। সেপ্টেম্বর মাসে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় এসেছে ৬৮ কোটি ৩০ লাখ ডলার। আগের বছরের একই মাসে এসেছিল ৭০ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রপ্তানি আয় কমেছে ২ দশমিক ৮৫ শতাংশ।
সেপ্টেম্বরে দেশের মোট রপ্তানি আয়ের ১৭ দশমিক ৪৬ শতাংশ এসেছে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১৯ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে আমদানি দায় পরিশোধে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে ব্যয় হয়েছে ১০৫ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ।
অর্থাৎ আমদানি দায় পরিশোধে কিছুটা প্রবৃদ্ধি থাকলেও রপ্তানি আয় সংগ্রহ ও প্রবাসী আয় আহরণে ইসলামী ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের আমানত সংগ্রহেও পিছিয়ে পড়েছে ইসলামী ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এ খাতে ইসলামী ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ছিল ২৬ হাজার ৭৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে এ আমানত কমেছে ১ দশমিক ৭৫ শতাংশ।
দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর হিস্যা কমে ৪৭ দশমিক ৮৬ শতাংশে নেমেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৫৫ দশমিক ২৬ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর হিস্যা বেড়ে হয়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ।
ইসলামী ব্যাংকিং খাতে কর্মীর সংখ্যাও কমেছে। সেপ্টেম্বর শেষে এ খাতে মোট কর্মী ছিলেন ৪৫ হাজার ১৬৯ জন। আগের বছরের আগস্টে এ সংখ্যা ছিল ৪৭ হাজার ৪১ জন। অর্থাৎ এক বছরে কর্মী কমেছে ৩ দশমিক ৯৮ শতাংশ। তবে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিশেষায়িত কর্মীর সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের কর্মী ছিলেন ৬০৭ জন, আগের বছরের একই সময়ে ছিলেন ৫৭৪ জন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর ইসলামী ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা এবং অনিয়মিত ব্যবস্থাপনার কারণে কর্মীর সংখ্যা কমেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ও স্বয়ংক্রিয় সেবার সম্প্রসারণও কর্মীসংখ্যা কমার একটি কারণ হতে পারে।
আর্থিক সূচকে পিছিয়ে থাকলেও ইসলামী ব্যাংকিং সেবার বিস্তার রয়েছে। সেপ্টেম্বর শেষে দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক ছিল ১০টি। এসব ব্যাংকের শাখা ১ হাজার ৬৯৯টি। এ ছাড়া ১৭টি প্রচলিত ব্যাংক ৫৮টি ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে এবং ১৪টি প্রচলিত ব্যাংক ৬৬৬টি উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে।
সব মিলিয়ে ইসলামী ব্যাংকিংয়ের শাখা ও উইন্ডো রয়েছে ২ হাজার ৪২৩টি। দেশের ব্যাংক খাতের মোট শাখা ও উইন্ডোর ২১ দশমিক ৩০ শতাংশ ইসলামী ব্যাংকিংয়ের আওতায়।
সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ইসলামী ব্যাংকিং খাতের আমানত, বিনিয়োগ, সম্পদ, রপ্তানি আয় ও প্রবাসী আয় সংগ্রহে প্রচলিত ব্যাংকের তুলনায় কম প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমে যাওয়া এবং প্রবাসী আয় সংগ্রহে বাজার হিস্যা হারানো এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকগুলোর ব্যবস্থাপনার দুর্বলতা দূর করা, তারল্য পরিস্থিতির উন্নতি এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মান বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার না হলে ইসলামী ব্যাংকিং খাতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।