ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে নিয়ে গেছেন তার স্ত্রী। পরিবারের সদস্যরা আতঙ্কে থাকায় মরদেহ নিতে আসেননি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল চারটার পর মেহেদীর স্ত্রী মীম আক্তারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মো. হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান (৩১) নগরের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বড় ভাই জাহাঙ্গীর আলম যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
অন্যদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানের (৩৫) বাড়িও একই এলাকায়। তিনি আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। বালুর পাশাপাশি প্রাইভেটকার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে সাত বছর বয়সি মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন সুরুজ জামান। এ সময় মধ্য বারেরা মজিদ মার্কেটসংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলম, মেহেদী হাসানসহ তাদের ভাইয়েরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রোববার রাতে মেহেদীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয় বাসিন্দারা। রাত ১২টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে রাত একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে বিক্ষুব্ধ লোকজন মেহেদীর বাড়িতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় মেহেদী গোপনে বাড়িতে এলে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোমবার ভোর চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়।
মেহেদী হাসানের স্ত্রী মীম আক্তার বলেন, ‘তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আর আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ কারণে বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। আমাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। আমাদের আত্মীয়স্বজনেরা ভয়ে পালিয়ে আছেন। তাই ৩৬ ঘণ্টা পর আমি নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এখন শুধু স্বামীর মরদেহটি দাফন করতে চাই। অন্তত শেষবারের মতো তার মুখটা দেখে সম্মানের সঙ্গে দাফন করতে চাই। আমার তো সব শেষ হয়ে গেছে। আমার একটি ছোট মেয়ে আছে। তাকে নিয়ে বাঁচতে চাই।’
নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থি একটি বালু ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মো. হক বলেন, মেহেদীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা ছিল। নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ মরদেহ নিতে আসছিলেন না। তারা আতঙ্কে ছিলেন। পরে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিলে মেহেদীর স্ত্রী মীম আক্তার মরদেহ নিতে আসেন। ময়নাতদন্ত শেষে বিকেলে তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে।