পোশাকশিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের কর্মী সন্দেহে ১৭ জনকে আটক করে পুলিশের দিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন ও কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের আশুলিয়ার কাঠগড়াসংলগ্ন বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শেলটেক হাউজিংয়ের মাঠে ২০ থেকে ২৫ জনের একটি দল জড়ো হয়। তাদের কার্যক্রম সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ফেস্টুন, ব্যানার ও কাঠের লাঠি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে নিজেদের হেফাজতে নেয়।
আশুলিয়া থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, কিছু তরুণ হাউজিং প্রাঙ্গণে জোর করে যানবাহন নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান। পরে সেখানে থাকা ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে ‘দুর্দিনের সৈনিক লীগ’সহ বিভিন্ন বিতর্কিত সংগঠনের অভ্যন্তরীণ যোগাযোগের গ্রুপের সন্ধান পাওয়া যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে উদ্ধার করা ব্যানার ও লাঠিসোঁটাসহ আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার করা লাঠির গায়ে ‘জিরাবো’ লেখা ছিল।
ছাত্রদলের এই নেতার অভিযোগ, এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পূর্বপরিকল্পিতভাবে ওই ব্যক্তিদের বাইরে থেকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের আড়ালে পিকআপ ভাঙচুর এবং কাছাকাছি টেক্সটাউন নামের একটি পোশাক কারখানায় নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে ১৭ জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।